বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল পণ্য উত্পাদন ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানের ২০ লাখ টাকার কার্বোনেটেড বেভারেজ পণ্য জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া, দশদাহী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রুপ জি-৫০ বেভারেজ লিমিটেড থেকে রয়েল টাইগার ও স্পিডের আদলে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ নকল ও মানহীন কার্বোনেটেড বেভারেজ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে রিয়েল টাইগার, ব্রেক আপ, রয়্যাল টাইগার, স্পিডি, ডেল্টা অরেঞ্জ, জি-৫০ ব্রান্ডের কার্বোনেটেড বেভারেজ। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় মালিকের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারানুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালাও করা হয়। বিএসটিআই কর্মকর্তা মো. সাইদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।—প্রেস বিজ্ঞপ্তি
