মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলা নিয়ে দর্শকদের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৩২

মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বুধবার রাতে দর্শকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনায় এলাহী মোল্লা ( ৪২) নামে একজন কৃষক নিহত হয়েছেন। তিনি ঐ গ্রামের হাসেম মোল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মহম্মদপুর উপজেলার কুমরুল স্কুল মাঠে প্রীতি ফুটবল খেলার সময় একটি গোল হওয়াকে কেন্দ্র করে কয়েক জন দর্শকের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় হামলা ও কিলঘুসিতে এলাহী মোল্লা আহত হলে তাকে মহম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, এলাহী মোল্লার মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। অপরদিকে অন্যরা বলছেন তিনি হদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার শরীরে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।