নেত্রকোনা পৌর এলাকার আনন্দবাজার পথচারী সেতুটি প্রশস্ত করার দাবি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৩৬

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌর এলাকার আনন্দবাজার সাতপাই সড়কে আনন্দবাজার মোড়ে কয়েক বছর পূর্বে নির্মিত পথচারী সেতুটি প্রশস্ত করার দাবি উঠেছে। এই পাকা সেতুটি প্রশস্ত না  করায় ছোট ছোট যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে,  তেমনি পথচারিদেরও চলাচলে সমস্যা হচ্ছে।

আনন্দবাজার সাতপাই এলাকাটি এখন আবাসিক এলাকা। সড়কটিও পাকা। এই সড়কে শুধু অটো এবং রিকশা চলাচল করতে পারে। অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। কিন্তু সেতুতে অটো উঠলে রিকশা যেতে পারে না, রিকশা উঠলে অটো চলতে পারে না। সেতুটিও দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনো সময় ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। এই কারণেই এলাকাবাসির দাবি, অবিলম্বে আনন্দবাজার সেতুটি প্রশস্ত করে নতুন করে নির্মিত হউক।

এই এলাকা দিয়ে চলাচল করেন এবং এলাকার বাসিন্দা আলপনা বেগম, শিমুল মিলকী এবং লিটন ধর গুপ্ত বলেন, সেতুটির উপর রিকশা বা অটো উঠলে তারা মোটরসাইকেল নিয়ে সেতু দিয়ে চলতে পারেন না, এমনকি হেঁটে যেতেও সমস্যা হয়। ঐসমস্ত যানবাহন সেতু থেকে নেমে গেলে তাদের চলতে হয়।

এই ব্যাপারে নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খানের সাথে গতকাল শুক্রবার কথা বললে তিনি বলেন, এই সেতুটি প্রশস্ত করা হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  টেন্ডার প্রক্রিয়ার কার্যক্রমও চলছে।