ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ইতালি থেকে আসা শিক্ষক প্রতিনিধিদের একটি দল সম্প্রতি গত বুধবার ত্রিশাল নজরুল একাডেমী (মডেল) দরিরামপুর পরিদর্শন করেছেন। প্রতিনিধি দল ও স্কুলের শিক্ষকরা জানান, ত্রিশাল উপজেলার নওপাড়া বাগান গ্রামের বাবা হামিদুল ইসলাম ও মাতা ফরিদা ইয়াসমিনের ছেলে এরিক ইসলাম গত বছর ত্রিশাল নজরুল একাডেমি থেকে সপ্তম শ্রেণি পাস করে পরিবারের সাথে ইতালী চলে যায়। পরে তাকে ইতালির ভ্যানিস ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পরিচালিত একটি স্কুলে ভর্তি করে দেয়। ভার্সিটির পরিচালিত সবক’টি স্কুলের কয়েক হাজার ছাত্রের মধ্যে সব বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন তিনি। স্বল্প সময়ের মধ্যে বিশাল কৃতিত্বের অধিকারী এই মেধাবী ছাত্রের পূর্ব শিক্ষানবিস বিদ্যাপিঠ নজরুল একাডেমী এক নজর দেখার কৌতূহল নিয়ে ছুটে আসেন মানুষ ভ্যানিস ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর বালেরিয়া ও তার সতীর্থরা। তারা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে খেলাধুলা ও শরীর চর্চায় অংশগ্রহণ করে উত্সাহ প্রদান করেন।
