৮০ বছর বয়সেও বিমলার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

দাকোপ (খুলনা) সংবাদদাতা

বয়স প্রায় ৮০ বছর পার হলেও খুলনার দাকোপের ঢাংমারী খ্রিষ্টান পাড়ার হতদরিদ্র বিমলা সরকারের ভাগ্যে আজো পর্যন্ত জোটেনি বয়স্ক ভাতা। এমনকি কেউ তাকে দেয়নি একটি ভিজিডি কার্ডও। ফলে অতি কষ্টে ৩ ছেলের পৃথক সংসারে তিনি অবহেলিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

জানা যায়, উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খ্রিষ্টান পাড়ার বাসিন্দা মৃত আশুতোষ সরকারের স্ত্রী বিমলা সরকার সহায় সম্পত্তি যা ছিল সবটুকু ঢাংমারী নদী গর্ভে হারিয়ে ফাদারের দেওয়া দুই কাঠা জায়গার উপর একটি বাড়িতে বসবাস করেন। বর্তমানে বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন বিমলা। বাঁশের লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন তিনি। তার তিন ছেলে শচীন্দ্রনাথ, সুজয় ও মন্টু সরকার মাছ কাঁকড়া মেরে পৃথকভাবে জীবিকা নির্বাহ করে থাকেন। দীর্ঘ কয়েক বছর পূর্বে স্বামী মারা যাওয়ার পর থেকে স্থানীয় জনপ্রতিনিধির কাছে বহুবার কাকুতি মিনতি করেও এ পর্যন্ত একটি বয়স্ক ভাতার কার্ড পাননি বিমলা। তিন ছেলের পৃথক সংসারে অভাব অনটনের সাথে পাল্লা দিয়ে অর্ধহারে অনাহারে জীবন যাপন করছেন তিনি।

উপজেলা সমাজসেবা অফিসার অমিত কুমার সমাদ্দার (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ওই ইউনিয়নে আমাদের যে কর্মী দায়িত্বে আছে তার মাধ্যমে খোঁজ-খবর নিয়ে দেওয়ার মতো হলে ব্যবস্থা নেওয়া হবে।