শিশু রিয়াবুলকে বাঁচাতে সাহায্যের আবেদন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৩৮

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

১০ বছরের শিশু রিয়াবুল শিকদার। এ বয়সে বন্ধুদের সাথে যার খেলার মাঠে দাপিয়ে বেড়ানোর কথা কিন্তু ঘাতক ব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। গত এক মাস যাবত্ সে ভারতের চেন্নাই এ্যাপোলো ক্যান্সার ইনস্টিটিউটে চিকিত্সাধীন আছে। রিয়াবুল কালিয়া উপজেলার পুটিমারী গ্রামের হেমায়েত আলী শিকদারের ছোট ছেলে।

রিয়াবুলের বাবা হেমায়েত শিকদার জানান, পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র রিয়াবুল মাস দুয়েক আগে বাম হাতের নিচে ব্যথার কথা জানায়। প্রথমে খুলনা ও পরে গোপালগঞ্জ গিয়ে ডাক্তার দেখান এবং একাধিক পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে গেলে ডাক্তাররা বলেছেন, চিকিত্সার মাধ্যমে তার ক্যান্সার নিরাময় সম্ভব। যত দ্রুত সম্ভব তাকে ভারতে পাঠানোর পরামর্শ দেন।

কৃষক বাবা হেমায়েত তার শেষ সম্বল জমি বিক্রি করে ছেলেকে ভারতের চেন্নাই পাঠিয়েছেন গত একমাস আগে। তাকে মোট ছয়টি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন। রিয়াবুলকে এখন পর্যন্ত দুটি কেমো দেওয়া হয়েছে। সেজন্য প্রচুর অর্থের প্রয়োজন। রিয়াবুলের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন তার দরিদ্র বাবা। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর -০১৭৬৫৫১৬১৯৬ (পার্সোনাল)।