নলছিটিতে নিখোঁজের একদিন পর শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৩৮

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার কুমারখালীর খাল থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মোঃ হানিফ খন্দকার নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উপজেলার ভাঙ্গদেউলা গ্রামের মরহুম নজির আহম্মদের পুত্র মোঃ হানিফ খন্দকার (৫০) ওই এলাকার একটি স’মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত বুধবার বাড়ি থেকে ওই স’মিলে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে অনুসন্ধানের পর গত বহস্পতিবার দুপুরে কুমারখালী খালের পার্শ্বে মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঝালকাঠি মর্গে প্রেরণ করে। মৃৃত হানিফ খন্দকারের পুত্র মোস্তফা খন্দকার জানান, তার বাবা মন্টু মীরের স’মিলে শ্রমিকের কাজ করতো। বুধবার বাড়ি থেকে ওই স’মিলে কাজে গিয়ে আর ফিরে আসেনি। তবে তার বাবার কোনো শক্র ছিল না বলে জানায়।