এই দিনই দিন না আরো দিন আছে :রিজভী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৫০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনের কতিপয় অর্বাচীন ইতিহাস বিকৃত করার প্রক্রিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টায় নিরন্তর কাজ করছেন। তিনি জিয়াউর রহমানকে নিয়ে বিকৃত নাটক মঞ্চস্থ করার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, এই দিনই দিন না, আরো দিন আছে। দেশের জনগণই এর উপযুক্ত জবাব দেবে। বিভিন্ন স্থানে প্রদর্শিত মান্নান হীরা রচিত পথ নাটক ‘ইনডেমনিটি’র কড়া সমালোচনা করে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বহুমাত্রিক ‘উদ্ভট ও বিকৃত মিথ্যাচার’ করেই ক্ষান্ত হয়নি, এখন তাদের সাংস্কৃতিক অঙ্গনের সাঙ্গ-পাঙ্গরা মাঠে নেমেছে। গতকাল শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ সব কথা বলেন। এ নাটক নির্মাণের তীব্র নিন্দা ও ধিক্কার জানান রিজভী।

বিএনপির এই নেতা বলেন, নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় হামলা চালিয়ে আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোশাররফসহ অনেক নেতাকর্মীকে আহত করা হয়েছে। আমি এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শামসুল হক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আমিনুল ইসলাম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।