রাজশাহীর পবা উপজেলার হারুপুর এলাকার পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকের এই ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ জন উদ্ধার হয়েছে। বাকিদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরীগণ উদ্ধার অভিযানে চালাচ্ছিলেন।
ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যান। বিকেল ৫টার দিকে নৌকাটি পদ্মার হারুপুরে ঝড়ো বাতাসে ডুবে যায়। ঘটনার পর ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে এসে পৌঁছান। বাকি দুইজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে সুচনা নামের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রিমন নামের একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।
ইত্তেফাক/কেকে
