সড়ক নয় এ যেন ভাগাড়!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৬

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা চৌরাস্তা থেকে ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকারের বাড়ি পর্যন্ত এলজিইডির অধীনে থাকা সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীর কাছে সড়কটিকে বোরহান চেয়ারম্যান সড়ক নামে পরিচিত। দীর্ঘ প্রায় ১৬ বছর আগে সড়কটি মেরামত করা হলে পরে আর কেউ ফিরে তাকায়নি। বর্তমানে সড়কটিতে অসংখ্য খান খন্দক। গত কয়েকদিনের বৃষ্টির পানি গর্তে জমে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। সড়কটি এখন দেখলে মনে হবে, একটি সড়ক নয় যেন ভাগাড়া।

বৃহস্পতিবার সকালে সরজমিনে সড়কটিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এলাকাবাসীরা জানলেন, পুকুরের পাশে ও সড়কের বিভিন্ন স্থানে সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার নিজ খরচে একাধিকবার সড়কটি মেরামত করেছেন। কিন্তু এলজিইডি বা স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। 

ভ্যানচালক আমির আলী বলেন,রাস্তাটির কারণে অনেক কষ্ট হচ্ছে। গাড়ির এক সাইড নামানোর পরে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যায়। মালবোঝাই করিমন, অটোভ্যান প্রায়ই উলটে যায়। কেউ এগুলো দেখে না।

ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার বলেন, অনেকবার অনেক জায়গায়। মন হয় সড়কটির কোনো কর্তৃপক্ষ নেই। বর্তমানে সড়কটি ভাগাড়ে পরিণত হয়েছে।  প্রায় ১৫/১৬ বছর আগে সড়কটি মেরামত করা হয়। এরপর আর কেউ নজর দেয়নি। সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার বলেন, সড়কটি সংস্কার খুবই জরুরি। এলজিইডির সঙ্গে কয়েকবার কথা হয়েছে। আশা করছি শীঘ্রই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হবে। 

উপজেলা প্রকৌশলী মো. রাজু আহমেদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ করা হবে।

ইত্তেফাক/এসি