কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ছয় দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে রোপণ করা ৫৫০ হেক্টর আমন ক্ষেত।
শনিবার উপজেলার ছয়টি ইউনিয়নের খোঁজ নিয়ে জানা গেছে, চতুর্থ দফায় বন্যায় প্রান্তিক কৃষকদের চলতি মৌসুমে রোপণ করা রোপা আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। অনেক কৃষকের দুই থেকে তিনবার রোপণ করা চারাগুলোও রক্ষা হয়নি
ভাঙ্গামোড় ইউনিয়নের কৃষক কার্ত্তিক চন্দ্র সরকার ও বড়ভিটা ইউনিয়নের কৃষক সিরাজুল হক ও বাবুল হোসেন জানান, তাদের প্রত্যেকের চার থেকে পাঁচ বিঘা জমির রোপণ করা আমন ক্ষেত তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে ১১ হাজার ৪২৬ হেক্টর। আমাদের আমন ধান রোপণ করা (অর্জিত) হয়েছে ১১ হাজার ৭২০ হেক্টর। অতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এ উপজেলায় ৫৫০ হেক্টর আমনের ক্ষেত তলিয়ে গেছে। আশা করছি বৃষ্টিপাত কমার সঙ্গে সঙ্গে ক্ষেত থেকে পানি বের হলেই ক্ষতির সম্ভাবনা নেই। তবে এ পর্যন্ত রোপনকৃত ৫৫ হেক্টর আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও এ উপজেলার আমন উৎপাদনের কোনো ঘাটতি থাকবে না।
ইত্তেফাক/এসি

