সেরেনা নয় হালেপ ফেভারিট

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৭

 

সেরেনা উইলিয়ামস নয় এবারের ফরাসি ওপেনে নারী এককের ট্রফি জয়ে ফেবারিট ভাবা হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন সিনোনা হালেপকে।

যদিও করোনার কারণে পিছিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই গ্র্যান্ড স্ল্যামটিতে নেই শিরোপাধারী অ্যাশলেই বার্টি ও অতি সম্প্রতি ইউএস ওপেন জয়ী নাওমি ওসাকা। বার্টি ও নাওমি আবার বিশ্বের শীর্ষ তিন খেলোয়াড়ের অন্যতম।

তাই বলে সেরেনাকে কখনোই বাতিলের খাতায় ফেলা যায় না। কেননা আমেরিকান এই টেনিস খেলোয়াড় দীর্ঘদিন ধরেই অস্ট্রেলীয় মার্গারেট কোর্টয়ের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুশকিল হচ্ছে ২০০২, ২০১৩ ও ২০১৫ সালে ফরাসি ওপেন জিতলেও প্যারিসের আসরটিতে তার সাফল্য কম। নারী এককের শিরোপা লড়াইয়ে এ ছাড়াও আছেন গারবিন মুগুরুজা যার কাছে ২০১৬ সালের ফাইনালে হেরেছিলেন সেরেনা। বিশ্বের সাবেক এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কা ইউএস ওপেনের ফাইনালে হারের পর নিশ্চয় রোলা গ্যারোতেও আরেকবার চেষ্টা চালাবেন। এদিকে ফরাসি ওপেন শুরুর আগে বল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। টুর্নামেন্টের পুরুষ এককের জোর ফেবারিট রাফায়েল নাদাল এবারের আসরে যে বল দিয়ে খেলা হবে তা বদলাতে বলেছেন। সীমিত দর্শকের উপস্থিতিতে খেলা কোর্টে গড়াতে বাধ্য হওয়া সংগঠকরা দীর্ঘদিন বাবোলাট বল ব্যবহারের পর উইলসন বলকে বেছে নিয়েছেন। এ ব্যাপারটায় সন্তুষ্ট নয় ফরাসি ওপেনের ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল। তার আপত্তির কারণ বলটি অনেক ভারি।