ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তাকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস। প্রধান অতিথি জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠান উদ্বোধনের পর পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। সেনাপ্রধান প্যারেডে অংশ নেয়া ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্যে তাদের সফলতা ও সমৃদ্ধি কমনা করেন।
অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে নারী জাগরণের উপর এক বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে সেনাবাহিনী প্রধান ও প্রাক্তন ক্যাডেটরা পুনর্মিলনীর স্মৃতি হিসেবে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
