পাবনা-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৮

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘোরিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নূরুজ্জামান বিশ্বাস ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন ৩ হাজার ০৭৪ ভোট। ঈশ্বরদীর ৮৪টি এবং আটঘোরিয়ার ৪৫টি কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।

মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস বিজয়ের ফলাফল পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘোরিয়াবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আবারও এখানে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বিজয় অর্জিত হলো।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গির জানান,               কোনো সহিংসতা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি সন্তোষজনক।

এর আগে গতকাল পাবনা-৪ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে দাবি করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। অন্যদিকে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অনাস্থা এনে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভোট বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ধানের শীর্ষ প্রার্থী হাবিবুর রহমান হাবিব। শনিবার বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে হাবিব অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের দুই গ্রুপ নিজেরাই নির্বাচনি কার্যালয় ভাঙচুর, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করেছে। অথচ এর দায় চাপিয়েছে বিএনপির ওপর। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করেছে। তিনি  বলেন, প্রহসনের এই নির্বাচনের কারণেই আমি ভোটকেন্দ্রে যাইনি। আমার কোনো নেতাকর্মী যোগ দেয়নি। সেখানে নির্বাচনি এজেন্ট দেওয়ার প্রশ্নই আসে না। এ সময় তিনি ভোট বর্জন নয়, ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান।

এদিকে বিএনপির সংবাদ সম্মেলনের পরপরই পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে পালটা সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিএনপির প্রার্থীকে উদ্দেশ করে বলেন, ওনাদের পায়ের তলায় মাটি নেই। বিএনপি প্রার্থী হাবিব নির্বাচন করতে এখানে আসেননি। তিনি এসেছেন নির্বাচনের নামে বাণিজ্য করতে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই উনার উদ্দেশ্য ছিল। যার প্রমাণ তিনি ইতিমধ্যেই আপনাদের দিয়েছেন।