বিশ্বনাথে পুলিশের ওপর সুহেল বাহিনীর হামলায় এসআইসহ আহত ২

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে কুখ্যাত সুহেল বাহিনী পুলিশের ওপর হামলা করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন থানার এসআই সবুজ কুমার নাইডু, কনস্টেবল সুমন মালাকার। শুক্রবার রাতে বৈরাগীবাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই পুলিশকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানার এসআই সবুজ কুমার নাইডু বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে। মামলার পর রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জাকির আহমদ ও কয়ছর আহমদ।

জানা গেছে, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত রামপাশা ইউনিয়নের পূর্বপাড়া নওধার গ্রামের করিম বক্সের পুত্র সুহেল আহমদ। তার ওপর থানায় মামলা রয়েছে। শুক্রবার থানা পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে সুহেল তার বাহিনী দিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়।

পরে সিলেটের অতিরিক্ত পুলিশ (দক্ষিণ সার্কেলের) এসএসপি সাইফুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ বৈরাগীবাজার এবং নওধার গ্রামে অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা বলেন, কুখ্যাত অপরাধী সুহেল। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে। গ্রেফতার করতে গেলে সুহেল তার বাহিনী দিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।