স্বামীর জন্য রক্ত সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৭

মুমূর্ষু স্বামীর জন্য রক্ত সংগ্রহ করতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর ওই নারী ধর্ষণের শিকার হন বলে র্যাব সূত্রে জানা গেছে। কথিত ধর্ষক মনোয়ার হোসেন ওরফে সজীব (৪৩) ও তার সহযোগী মাশনু আরা বেগম ওরফে শিল্পীকে (৪০) গত শুক্রবার দিবাগত রাতে মিরপুরের মধ্য মনিপুর পাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব।

র্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, ১৫ সেপ্টেম্বর বিকালে ওই নারী তার অসুস্থ স্বামীকে নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করেন। দায়িত্বরত ডাক্তার তার স্বামীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করার পরামর্শ দেন। ওই নারী তখন সোহরাওয়ার্দী হাসপাতালের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকের সামনে গিয়ে সেখানে উপবিষ্ট তিন-চার জনের কাছে ‘ও’ পজেটিভ রক্তের বিষয়ে জানতে চাইলে মনোয়ার হোসেন রক্তের ব্যবস্থা করে দেবে বলে তাকে জানায়। পরদিন দুপুরে রক্তের ব্যবস্থা করে দেওয়ার নাম করে ওই নারীকে মিরপুর থানাধীন মধ্য মনিপুর পাড়াস্থ শিফা ভিলার মাশনু আরা বেগমের বাসায় নিয়ে যায়। সেখানে মাশনু আরা বেগমের সহযোগিতায় মনোয়ার হোসেন ওই নারীকে ধর্ষণ করে। ভিকটিম চিত্কার করলে গলা চেপে ধরে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় মনোয়ার। ভিকটিম লোকলজ্জার ভয়ে ও স্বামীর অসুস্থতার কারণে ধর্ষণের বিষয়টি গোপন রাখেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আসামি ভিকটিমের স্বামীর মোবাইলে কল করে বলে রক্তের ব্যবস্থা হয়েছে আপনার স্ত্রীকে সোহরাওয়ার্দী হাসপাতালের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেন। তখন ভিকটিম পুনরায় ধর্ষিত হওয়ার ভয়ে তার স্বামীকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। তারপর তারা দুজন র্যাব-২ এর অধিনায়ক বরাবর অভিযোগ করলে ওই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ প্রেক্ষিতে র্যাব-২ এর একটি দল শুক্রবার রাতে মধ্য মনিপুর পাড়ার শিফা ভিলায় অভিযান চালিয়ে মনোয়ার ও মাশনু আরাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ার হোসেন, মাশনু আরা বেগমের সহযোগিতায় ভিকটিমকে ধর্ষণ করার কথা স্বীকার করে। সে আরো জানায়, মাশনু আরা বেগমের সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে।