অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া ভিসা দেওয়ার অভিযোগ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া ভিসা ইস্যুর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত একদল রোহিঙ্গার জন্য ওই কর্মকর্তা ভুয়া ভিসা ইস্যু করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এ অভিযোগ তদন্ত করছে বলে অস্ট্রেলিয়ার অনলাইন এসবিএস’র খবরে জানানো হয়েছে। ওই বাংলাদেশি কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়া ভিসা ইস্যুর অভিযোগ উঠেছে।

খবরে বলা হয়, গত মাসে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন কমপক্ষে ২০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অনেকের আত্মীয়-স্বজন এখনো কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। কিন্তু ঢাকায় বিমানবন্দরে নামার পর তাদেরকে আটক করে কর্তৃপক্ষ। তাদেরকে বলা হয়, তাদের কাগজপত্র ভুয়া। এরপর তাদেরকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হয়।

ওই গ্রুপটির বেশ কয়েকজন বলেছেন, তাদেরকে তাদের কমিউনিটির কিছু সদস্য বলেছিল যে, বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা ভিসা পেতে সহায়তা করতে পারেন। তারাও ওই কর্মকর্তার কাছে যায় এবং ভিসা পায়। তারা বলেছে, তাদেরকে ভ্রমণের ডকুমেন্ট ও ৩৫০ ডলার করে ওই কর্মকর্তার বাসায় পাঠিয়ে দিতে বলা হয়েছিল। এভাবে তারা ভিসা পেয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমান বলেছেন, তারা বাংলাদেশ থেকে এ বিষয়ে প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। তাই এখনই বলা সম্ভব হচ্ছে না যে, কোনো কর্মকর্তা এমন কাজে জড়িত রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ফারুক নামে একজন এই ভিসা পেয়েছিলেন। কিন্তু তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। গত ছয় বছর ধরে তিনি অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছেন। গত ১৯ নভেম্বর পরিবারের সঙ্গে সাক্ষাত্ করতে ঢাকা আসেন তিনি। হযরত শাহজালাল বিমানবন্দরে অভিবাসন পুলিশ ভুয়া ভিসায় ভ্রমণের সন্দেহে তাকে আটক করে। খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় বসবাস করে এমন অন্তত ২০ জন রোহিঙ্গাকে বাংলাদেশের বিমানবন্দরে আটক করা হয়।