বিএনপি রাজনৈতিক দল নয়, এটা আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্ম:শিল্পমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫১

নরসিংদী প্রতিনিধি

বিএনপিকে একটি আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্ম উল্লেখ করে এটাকে কোনো রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয় শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার জন্য, তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে।  

শুক্রবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

এসময় তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে। মন্ত্রী হিসেবে শিল্পমন্ত্রণালয়ে বর্তমান সরকারের ধারাবাহিক সফলতাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবো। জাতি আমাদের রায় দিয়েছে উন্নয়নের পক্ষে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য থাকবে।

নিজ নির্বাচনী এলাকা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) তথা শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাবো। নরসিংদীতে সার কারখানা, তাপ বিদ্যুত্ কেন্দ্রসহ সরকারের বেশ কিছু শিল্পকারখানা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়নে কাজ করে যাবো। 

এর আগে মন্ত্রী সার্কিট হাউজে পৌছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকালে তিনি নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।