কাহারোলে ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়ি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪০

কাহারোল উপজেলার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারগুলোর জীবনমান উন্নয়নে মুজিববর্ষ উপলক্ষে ১০টি পরিবারকে ‘আধাপাকা ইটের বাড়ি’ উপহার হিসেবে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পাকা বাড়িগুলো পেয়ে খুশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারগুলো।

কাহারোল উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গত ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দ অনুযায়ী উপজেলার ঈশানপুর গ্রামের ২টি, ইটুয়া গ্রামের ১টি, গড়মল্লিকপুর গ্রামে ১টি, সিংগারীগাঁও ১টি, রামপুর গ্রামে ১টি, ডহন্ডা গ্রামে ১টি, বিক্রমপুর গ্রামে ১টি, তরলা গ্রামে ১টি ও উত্তর মহেশপুর গ্রামে ১টি মিলে মোট ১০টি সুন্দর ডিজাইনে সেমিপাকা বাড়ি নির্মাণ করা হয়। সেখানে প্রতিটি বাড়িতে রয়েছে সিলিংসহ চৌচালা রঙ্গিন টিনের ছাউনির দুইটি রং করা পাকা ঘর। যার মোট দৈর্ঘ্য ২২ ফুট এবং প্রস্থ ১০ ফুট। মেঝে পাকা করে দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে রয়েছে একটি করে লোহার শিট দিয়ে তৈরী দরজা ও দুইটি করে জানালা। ঘরের একপাশে করা হয়েছে টয়লেট, টিউবওয়েল এবং অপরপাশে একটি পাকা বারান্দা ও সিঁড়ি। এই প্রকল্পে ১০টি বাড়ি নির্মাণের জন্য মোট ব্যয় হয়েছে ১৯ লাখ টাকা। 

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে প্রতিটি গৃহহীনের গৃহের সংস্থান করার অংশ হিসেবে এলাকায় খোঁজ নিয়ে প্রকৃত দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার বাছাই করা হয়েছে। এরপর পরিকল্পনা অনুযায়ী বাড়িগুলো তৈরী করে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা বাড়িতে বসবাস শুরু করেছে।


ইত্তেফাক/আরকেজি