প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার ঘোষণা নওফেলের

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫১

চট্টগ্রাম অফিস

শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব নিয়ে চট্টগ্রাম এসেই পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেব।’

তিনি বলেন, ‘শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেওয়া হবে। যেসব সরকারি স্কুল-কলেজ আছে সেখানে আরও অবকাঠামোর উন্নয়ন করে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। স্কুল-কলেজে আসন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।’ এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নওফেল আমাদের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে সবসময় আমরা তার পাশে থাকবো।’

এ সময় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।