পার্বতীপুরে ঘুমের ঘোরে দেয়াল চাপায় শেষ একটি পরিবার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩০

দিনাজপুরের পার্বতীপুরের মাটির ঘরের দেয়াল ধ্বসে দুই শিশুসহ স্বামী-স্ত্রী মারা গেছে। রবিবার ভোরে উপজেলার পলাশাবাড়ী ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, স্বপন সরকার (৩৫), তার স্ত্রী শরাজান বেগম (৩০), তাদের শিশুপুত্র হোসাইন (৯) ও শিশুপুত্র হাসিবুল (৬)। হোসাইন এলাকার একটি কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।  

প্রতিবেশী গৃহবধূ হাফিজা খাতুন বলেন, রাতে রিকশা চালক স্বপন সরকারের মাটির ঘরের দেওয়াল ভেঙে পড়েছে এমন খবর প্রতিবেশিরা কেউই জানতেন না। রবিবার সকালে তিনি প্রথম স্বপন সরকারের দুইটি মাটির ঘরের দেওয়াল ভেঙে পড়া দেখতে পান। এগিয়ে গিয়ে দেখেন স্বামী-স্ত্রীসহ দুই শিশু সন্তান দেওয়ানের নিচে চাপা পড়ে আছে। ঘটনাটি দেখে চিৎকার দিলে অন্য প্রতিবেশিরা এগিয়ে এসে চারজনের মরদেহ উদ্ধার করেন। নিহত চারজনই এক ঘরে একই খাটে পাশাপাশি ঘুমন্ত অবস্থায় ছিল। মাটির দেয়াল ভেঙে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, নিহত স্বপন সরকারের নিজ বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। তার বাবা আমজাদ আলী। হাফিজা খাতুনকে বিয়ে করে সে শ্বশুর বাড়িতেরই পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। স্বপন সরকার আগে রিকশা চালালেও কিছুদিন থেকে গ্রামে গ্রামে প্রসাধন সামগ্রী বিক্রি করতেন।  

পলাশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোফাখখারুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে মৃতদের দাফনের যাবতীয় ব্যবস্থা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশগুলো দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এসি