হোটেলে জিম-সুইমিং সুবিধা চেয়েছে বাংলাদেশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০১

শ্রীলঙ্কা সফর

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা এখনো কাটেনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) খসড়া প্রস্তাবনায় ছিল কঠিন সব শর্ত। ১৪ দিন কোয়ারেন্টাইনের পাশাপাশি হোটেল কক্ষে আবদ্ধ থাকার শর্ত দিয়েছিল লঙ্কানরা। পালটা প্রস্তাবে শর্ত শিথিলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মূলত কোয়ারেন্টাইনের মেয়াদ কমানো এবং হোটেলে জিম-সুইমিং সুবিধা চেয়েছে বাংলাদেশ। যাতে মাঠে ব্যাটে-বলে অনুশীলন না করতে পারলেও ক্রিকেটাররা হোটেলে অন্তত ফিটনেসের কার্যক্রম অব্যাহত রাখতে পারেন। খুব শিগগিরই এসএলসির পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাবে বিসিবি। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়, কোভিড-১৯ টাস্কফোর্সের সঙ্গে আলোচনা শেষে বিসিবিকে এখনো করোনাকালীন এই সফরে বাংলাদেশ দলের জন্য আবশ্যক স্বাস্থ্যবিধির প্রস্তাবনা পাঠায়নি এসএলসি। গত শনিবার বিসিবির পরিচালক আকরাম খান আশাবাদ জানিয়েছিলেন, আজ-কালের মধ্যেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সবকিছু ঠিক হলে তিন টেস্টের সিরিজ খেলতে অক্টোবরের প্রথম সপ্তাহে লঙ্কায় উড়াল দিতে পারে মুমিনুল বাহিনী।

করোনাকালে লঙ্কা সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগ্রহী বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ‘জয়তু শেখ হাসিনা অনলাইন আন্তর্জাতিক দাবা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘মহামারির এই সময়ে একটা সিরিজ হবে এটা আমরা অনেক আগ্রহের সঙ্গে নিয়েছি, আমরা খুবই উদগ্রীব এবং আমাদের খেলোয়াড়রাও সিরিজের জন্য অনুশীলনের মধ্যে আছে। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সাবর্ক্ষণিক আলাপ-আলোচনা চলছে। আমরা চাই, এই সিরিজটায় অংশগ্রহণ করতে।’

কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে হোটেলেই ফিটনেসের কার্যক্রম পরিচালনার সুযোগ-সুবিধা চেয়েছে বাংলাদেশ। জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘তারা (শ্রীলঙ্কা) যে বিধিনিষেধ দিয়েছে এখানে আমরা বলেছি, আমরা আমাদের যে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা সেটি কিছুটা কমানো। পাশাপাশি হোটেল কক্ষে থাকার যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, আমরা বলেছি যে ‘না’। একজন খেলোয়াড় যদি ১৪ দিন রুমের মধ্যে বসে থাকে তাহলে ফিটনেসের ঘাটতি হবে তাহলে সে খেলাধুলা কিছু দেখাতে পারবে না। আমরা বলেছি যে, হোটেলের যে সুযোগ-সুবিধা আছে জিম থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা। সেটা আমরা যাতে ব্যবহার করতে পারি, সেটার জন্য আমাদের সুযোগটা দেওয়া হয়।’ দ্রুতই ভালো সংবাদ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।