ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুষ্কৃতকারীদের ষড়যন্ত্র সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি থেমে নেই। বরং অতীতে যারা দুর্নীতি-দুঃশাসন চালিয়েছিল তারা এখনো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন।
গতকাল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ হাসিনার জীবন কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের প্রাক্তন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং গ্রন্থটির রচয়িতা সাংবাদিক নেতা শাবান মাহমুদ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বাধীনতার পরাজিত শক্তি ও তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটিত হয়। আজকেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ, যারা দেশের উন্নয়ন অগ্রগতি ও দেশেরও প্রতিপক্ষ, তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সে জন্যই মধ্যপ্রাচ্যে গোপন বৈঠক হয়, ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় নানা ধরনের বৈঠক হয়।
