গৌরনদীতে যৌতুকের দাবিতে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা, শাশুড়ি আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৯

যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে বরিশালের গৌরনদী উপজেলার নওপাড়া গ্রামের রেশমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরে শাশুড়ি প্রিয়াঝর্ণা খানেকে (৫০) আটক করেছে পুলিশ।

নিহত রেশমা আক্তারের স্বজনরা জানান, তিন বছর আগে উপজেলার কটকস্থল গ্রামের আবু ফকিরের মেয়ে রেশমা আক্তারের সঙ্গে একই উপজেলার নওপাড়া গ্রামের আঃ রাজ্জাক শিকদারের ছেলে নয়ন শিকদারের (২৮) সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ে জামাতা নয়ন শিকদারকে ৩ ভরি স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল যৌতুক দেয়া হয়।  তাদের সংসারে ১৮ মাস বয়সের একটি ছেলে রয়েছে।

নিহতের বাবা আবু ফকির অভিযোগ করে বলেন, বিয়ের এক বছর পর মেয়ে জামাতা নয়ন শিকদারকে পান বরজ নির্মাণ করার জন্য এক লাখ টাকা যৌতুক দেয়া হয়। নয়ন গত ১৫ সেপ্টেম্বর থেকে মেয়ে রেশমার কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। দাবিকৃত যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে স্বামী নয়ন ও শ্বশুর বাড়ির লোকজনে গত ৫দিন পূর্বে রেশমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আমার (বাপের) বাড়িতে পাঠিয়ে দেয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নয়ন ও তার এক বন্ধু আমার (আবু) বাড়িতে এসে মেয়ে রেশমা আক্তার ও ১৮ মাসের নাতি হাফিজ শিকদারকে জামাতার বাড়িতে নিয়ে যায়। আড়াই লাখ টাকা যৌতুরের দাবিতে শনিবার দিবাগত রাতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনে  রেশমাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচারণা চলায়। রাত দেড়টার দিকে জামাতার এক প্রতিবেশী মোবাইল ফোনে আমাকে (আবু) মেয়ে রেশমা হত্যার খবর দেয়।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে ওই বাড়ি থেকে রেশমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার দুপুরে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। মাদকাসক্ত নয়ন শিকদার যৌতুকের দাবিতে স্ত্রী রেশমা আক্তারকে কিল-ঘুষি মারার পর শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। নিহত রেশমার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কয়েকমাস আগে মাদক সেবনের সময় নয়ন  শিকদার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। নিহতের বাবা আবু ফকির বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।


ইত্তেফাক/আরকেজি