পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের জমি পেয়েছে বিসিবি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২২:০৬

স্পোর্টস রিপোর্টার

রাজধানীর পূর্বাচলে নতুন গড়ে উঠা শহরে ক্রিকেটের সবচেয়ে আধুনিক স্টেডিয়াম নির্মাণ করবে বিসিবি। সম্প্রতি রাজউক বিসিবিকে জমি বরাদ্দ দিয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন তারা রাজউকের কাছ থেকে জমির বরাদ্দ পেয়েছেন।’

একটি সূত্র জানিয়েছে তারা স্টেডিয়ামের জন্য জমির বরাদ্দ পেয়েছে। জানা গেছে, ৩৭ একর জমি দিয়েছে রাজউক। প্রায় ২৩’শ কাঠা জমির মূল্য সাড়ে ১১’শ কোটি টাকা। কিন্তু এই জমি প্রতীকী মূল্যে ১০ লাখ টাকায় দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের জন্য যতটুকু জমির প্রয়োজন তা দেওয়া হয়েছে। তিনি বলেন,‘স্টেডিয়াম যখন সম্পূর্ণ রূপ পাবে তখন তার দর্শক ধারণক্ষমতা ১ লাখ হবে। এটি মাথায় রেখে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।’ পূর্বাচলে স্টেডিয়াম নির্মিত হলে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা হবে। আব্দুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিবি হতে এই নামকরণের প্রস্তুাব দেওয়া হয়েছে।’

কবেনাগাদ স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে তা এখনও নিশ্চিত না তবে বিসিবি সুত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছে বিসিবি।

জানা গেছে, স্টেডিয়াম নির্মাণে প্রাথমিক বাজেটে ৮০০ কোটি টাকা ব্যয় হতে পারে। যেখানে পাঁচ তারকা হোটেল, সুইমিংপুল, খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের সব রকম সুযোগ সুবিধা থাকবে।

পূর্বাচলের যে স্থানটিতে নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হবে সেখানে অবস্থানরত লোকজন তাদের বাড়ি-ঘর সরিয়ে ফেলতে শুরু করেছে। ক্রীড়া মন্ত্রণালয় হতে কয়েক দফায় স্টেডিয়ামের জমিও পরিদর্শন করা হয়েছে।