স্পোর্টস রিপোর্টার
টেস্টে তাও একটা ম্যাচ ড্র করতে পেরেছিল শ্রীলঙ্কা, সীমিত ওভারের ক্রিকেটে সেই পারফরম্যান্সের ছিটেফোঁটারও দেখা মিললো না। গতকাল সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ৩৫ রানের ব্যবধানে জিতে যায় নিউজিল্যান্ড।
অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১৬.৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের পর ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।
১৩ ওভার পর্যন্ত ম্যাচটা তাদের হাতেই ছিল। যেই থিসারা আউট হয়ে গেলেন, ওমনি ধস নামল লঙ্কান শিবিরে। শেষ পাঁচ ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মোটে ২৩ রান! লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অলরাউন্ডার থিসারা পেরেরা।
এ ছাড়া নিরোশান ডিকওয়েলা ১৮ আর কুশল পেরেরার ব্যাট থেকে আসে ২৩ রান। নিউজিল্যান্ডের পক্ষে সমান তিনটি করে উইকেট নেন লোকি ফার্গুসন আর ইশ সোধি। ১৭তম ওভারে লাহিরু কুমারা আর কাসুন রাজিথাকে তুলে নিয়ে লঙ্কান ইনিংসের ইতি টানেন সোধি। শেষের দিকের ব্যাটসম্যানদের মধ্যে কেউ বড় ইনিংস খেলতে পারলে হয়তো শেষ হাসিটা হাসতে পারত শ্রীলঙ্কা। কিন্তু সেটা আর হয়নি।
আলাদা করে বলতে হয় নিউজিল্যান্ডের বোলারদের কথা। লোকি ফার্গুসন ও ইশ সোধি তিনটি করে উইকেট নেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা মোটেই ভালো ছিল না। মাত্র ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথম সারির চার ব্যাটসম্যানের মধ্যে কলিন মুনরো (১৬) কেবল ডাবল ফিগার ছুঁতে পেরেছেন। মার্টিন গাপটিল, টিম সেইফার্ট আর হেনরি নিকোলস- এই তিনজনের ব্যাট থেকে সম্মিলিতভাবে এসেছে মাত্র ৭ রান!
রস টেলরের ৩৭ বলে ৩৩ রানের ইনিংসটি ঠিক টি-টোয়েন্টি সুলভ ছিল না। তবে বিপদের মুখে দলের হাল ধরেন তিনি। তার ব্যাটে ভর করেই একশ’র কোটা পার হয় নিউজিল্যান্ড। এরপরই জ্বলে ওঠেন লেজের ব্যাটসম্যানরা। পেসার ডগ ব্রেসওয়েল মাত্র ২৬ বলে ৪৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। শ্রীলঙ্কার হয়ে রাজিথা তিনটি ও মালিঙ্গা দু’টি করে উইকেট নেন।
অভিষিক্ত পেসার স্কট কুজেলিন তো ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। ১৫ বলে চার ছক্কা আর এক চারে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। এরপর বল হাতেও ব্রেসওয়েল আর কুজেলিন নিয়েছেন একটি করে উইকেট। দারুণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেসওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
টস: শ্রীলঙ্কা
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৯/৭ (মানরো ১৬, ব্রেসওয়েল ৪৪, কুজেলিন ৩৫*, টেলর ৩৩, সাউদি ১৩*; মালিঙ্গা ২/২৪, রাজিথা ৩/৪৪)
শ্রীলঙ্কা: ১৬.৫ ওভারে ১৪৪/১০ (পেরেরা ২৩, ডিকওয়েলা ১৮, মেন্ডিস ১৭ থিসারা ৪৩; ফার্গুসন ৩/২১, সোধি ৩/৩০)
ফল: নিউজিল্যান্ড ৩৫ রানে জয়ী
ম্যাচ সেরা: ডগ ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)
