নতুন নায়ক তেওয়াটিয়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

আইপিএলে তিনি নতুন মুখ নন। ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক নিয়েছিলেন। কিন্তু সে বছর অতটা সুযোগ পাননি বাঁহাতি ব্যাটসম্যানটি। তবে গত রবিবার রাতে শারজাহর মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর হরিয়ানার অলরাউন্ডারটি বনে গেলেন এবারের আইপিএলের নতুন নায়ক।

রাহুল তেওয়াটিয়া এই রাতে সাত ছক্কায় ৩১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। এর মধ্যে ১৮তম ওভারে শেল্ডন কটরেলকেই মারেন পাঁচটি ছক্কা। তাতে প্রায় হারের মুখে থাকা রাজস্থান ম্যাচটি নিজেদের দিকে নিয়ে আসতে সক্ষম হয়। তার এই নৈপুণ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২২৪ রান তাড়া করে তিন বল থাকতে জয়ী হয় রাজস্থান।

অলরাউন্ডারটি রাজস্থানের হয়ে অভিষেক নিলেও সে বছর কেবল তিন ম্যাচে একাদশে রাখা হয়েছিল তাকে। ২০১৭ সালে কিংস ইলেভেন তাকে কিনে নেয়। দল বদলালে কি হবে, সেখানেও সুযোগ পাননি তেওয়াটিয়া। পাঞ্জাবও তাকে কেবল তিন ম্যাচ খেলায়।

এরপর ২০১৮ সালে তার ঠিকানা হয় দিল্লি ডেয়ার ডেভিলস। নতুন দলে আট ম্যাচ খেলেন তিনি। এরপর আবার রাজস্থান কিনে নেয় নিজেদের পুরোনো খেলোয়াড়টিকে। রবিবার মাঠে নামার পরও ১৯ বলে মাত্র আট রান করেছিলেন তিনি। এরপরই ঝল তোলেন ব্যাটে। বলা চলে একরকম একাই দলকে জিতিয়ে দেন তেওয়াটিয়া।

রাজস্থানের জয়ে এছাড়াও অবদান ছিল অধিনায়ক স্টিভ স্মিথ (২৭ বলে ৫০), সঞ্জু স্যামসন (৪২ বলে ৮৫) ও জোফরা আর্চার (৩ বলে ১৩)। তাতে বিফলে যায় পাঞ্জাবের হয়ে ৫০ বলে তোলা মায়াঙ্ক আগরওয়ালের ৫০ বলে তোলা ১০৬ রানের বিস্ফোরক ইনিংসটি।