বঙ্গবন্ধু ভৌগোলিক মুক্তির আর তার কন্যা অর্থনৈতিক মুক্তির রোল মডেল :কাদের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু, আর সাজিয়ে তুলছেন তার কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু এদেশের ভৌগোলিক মুক্তির রোল মডেল আর শেখ হাসিনা এদেশের অর্থনৈতিক মুক্তির রোল মডেল। বর্তমানে শেখ হাসিনা এদেশের মানুষের হূদয়ের স্পন্দন। গতকাল সোমবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর ৭৫ পরবর্তী সময়ে এদেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোমেটিক শেখ হাসিনা। বাংলার দুঃখী মানুষের মুখে       হাসি ফোটানোর জন্য জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৮১ সালে মুজিবকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। তার নেতৃতেই আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে। তিনি ফিরে না এলে তা সম্ভব হতো না। উন্নয়ন সমৃদ্ধিতে আজ বাংলাদেশ বিশ্বের বিস্ময়। শেখ হাসিনা আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বনেতাদের কাতারে, মর্যাদার আসনে। তিনি নেতৃতে আছেন বলেই পঁচাত্তরের খুনিদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জাতি আজ কলঙ্কমুক্ত হয়েছে।

সম্প্রতি বিএনপি মহাসচিব বলেছিলেন, দেশে নাকি নৈরাজ্য চলছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে তার সরকারি বাসভবন থেকে ওবায়দুল কাদের বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিফিংকালে বলেন, নানা প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে দেশ ভালোভাবে চলছে, তাই বিএনপির এত গাত্রদাহ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চির সত্য। টেমস নদীর পাড়ে বসে যারা বঙ্গোপসাগরের উপকূলে বিপ্লবের ঢেউ তোলার দিবাস্বপ্ন দেখছেন, সে স্বপ্ন দুঃস্বপ্নেরই নামান্তর।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।