রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ছয় দিনের সফরে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশে আসছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। বাংলাদেশের পাশাপাশি তিনি থাইল্যান্ডও সফর করবেন বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়াংহি লি ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ড সফর করবেন। সেখান থেকে তিনি বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসার পর রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজার যাবেন তিনি। তিনি ভাষান চর দ্বীপ সফরেরও পরিকল্পনা করছেন বলে জানানো হয়েছে।
ইয়াংহি লি মিয়ানমারের মানবাধিকার বিষয়ক দূত হলেও মিয়ানমার কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশে অনুমতি দেয়নি। একইসঙ্গে সহযোগিতা দিতেও অস্বীকৃতি জানিয়েছে। লি আগামী মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪০তম সেশনে রোহিঙ্গা নির্যাতনসহ মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার প্রতিবেদন সুপারিশসহ জমা দেবেন।
