প্রায় সাড়ে সাত বছর আগে আবুধাবী এয়ারপোর্টে বাংলাদেশি দুই নাগরিককে হয়রানি ও আটকের ঘটনার সিসিটিভি ফুটেজ পনেরো দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির কাছে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একমাসের মধ্যে ওই ফুটেজ পর্যালোচনা করে ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ডিএজি মোখলেসুর রহমান এবং ইত্তেহাদ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজারের পক্ষে অ্যাডভোকেট মোঃ আজিজউল্লাহ ইমন শুনানি করেন।
২০১১ সালের ২৮ জুন বাংলাদেশি দুইজন নাগরিক কানাডা যাবার পথে আবুধাবি এয়ারপোর্টে হয়রানি ও আটকের ঘটনায় ইত্তেহাদ এয়ারলাইনস কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। রুল জারির পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার ওই রুলের শুনানিতে ইত্তেহাদ এয়ারলাইনস কর্তৃপক্ষ জবাব দাখিল করে একটি প্রতিবেদন জমা দেন। তারা দাবি করেন- কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশি নাগরিক তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানাকে হয়রানি ও আটকের ঘটনা মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং তা সত্য। ইত্তেহাদ এয়ারলাইনসের তদন্ত রিপোর্ট মনগড়া, পক্ষপাতদুষ্ট। এটা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, যদি ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ তলবের নির্দেশ দেওয়া হয় তাহলে সব সত্য প্রকাশিত হবে। শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার উপরোক্ত আদেশ দেয়।
