টিকটক নিয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:১৯

টিকটক নিয়ে কিছুটা হলেও ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের একটি আদালত রবিবার জানিয়েছে, এখনই বাতিল করা যাবে না টিকটক। মার্কিন নাগরিকরা ফোনে টিকটক ডাউনলোড করতে পারবেন। তবে ১২ নভেম্বর থেকে টিকটক সম্পূর্ণ বাতিলের যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন আগেই জানিয়েছিল সেই বিষয়ে কোনো রদবদল করেনি আদালত। খবর ডয়চেভেলের

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মার্কিন নাগরিকদের ফোনে টিকটক আর ডাউনলোড করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। অবশ্য একই সঙ্গে ট্রাম্প বলেছিলেন, টিকটক যদি কোনো মার্কিন সংস্থা কিনে নেয়, তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। চলতি মাসেই টিকটকের মার্কিন শেয়ার কিনে নিয়েছে ওরাকেল। কিন্তু যেভাবে তারা তা কিনেছে, তা নিয়ে মার্কিন প্রশাসন খুব সন্তুষ্ট নয় বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের আগের সিদ্ধান্ত এখনো বদলায়নি। ফলে রবিবারই আমেরিকায় টিকটক ডাউনলোড বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টিকটক প্রস্তুতকারক সংস্থা মার্কিন আদালতে আপিল করে বলেছিল, ডাউনলোড বন্ধ হয়ে গেলে বিপুল ক্ষতির মুখে পড়বে সংস্থাটি। যা আর সামলানো যাবে না। তাদের সেই দাবি মাথায় রেখেই আপাতত প্রশাসনের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে আদালত।