বিরামপুর থানার টাওয়ারের তার চুরি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৬

বিরামপুর থানা বাউন্ডারির ভিতর থেকে বেতার টাওয়ারের তার ও যন্ত্রাংশ চুরি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এক চোরের বাড়ি থেকে তামার তার উদ্ধার ও চোরকে আটক করে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠিয়েছে।

থানার মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর থানা বাউন্ডারির ভিতর ১৭০ ফুট উঁচু বেতার যন্ত্রের জন্য থ্রি লেগ সেলর্ক সাপোর্ট বেতার টাওয়ার রয়েছে। বেতার কনস্টেবল মাহাবুবুর রহমান শুক্রবার ঐ টাওয়ারের কক্ষে গিয়ে যন্ত্রাংশ এলোমেলো ও কাটা তার দেখে চুরির ঘটনা জানতে পারেন। এ নিয়ে থানায় মামলা হয়েছে। চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৩১ হাজার টাকা।

থানার ওসি মনিরুজ্জামান জানান, অভিযান চালিয়ে শহরের পূর্বজগন্নাথপুর মহল্লার আঃ রশিদের ছেলে জাহাঙ্গীরের বাড়ি থেকে কিছু তার উদ্ধার ও জাহাঙ্গীরকে (৩৫) আটক করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্লাস্টিকের কভার থেকে আলাদা করা ৩১৪ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি