পাবনার সাঁথিয়ায় ঘরে ঢুকে তাঁত শ্রমিক রবিউল ইসলামকে(২২) ধারালো অস্ত্র দিয়ে দু’পায়ের রগ ও গলা কেটে হত্যার ঘটনার ক্লু উৎঘাটন করেছে থানা পুলিশ। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ভাইকে হত্যা করেছে আপন ভাই। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার ও এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া (কারিকরপাড়া) গ্রামের আ. গফুরের ছেলে তাঁত শ্রমিক রবিউল ইসলামকে (২২) গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পায়ের রগ ও গলা কেটে হত্যা করা হয়। ২৭ সেপ্টেম্বর রবিউলের বড় ভাই বাচ্চু মোল্লা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
হত্যার ঘটনায় পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ২৮ সেপ্টেম্বর রাতে রবিউলের ভাই রোমজান মোল্লাকে (৩০) আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতেই পার্শ্ববর্তী পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার ও স্বরপ গ্রামের মুনসুরের ছেলে রুবেলকে (৩৪)আটক করে।
আরও পড়ুন: জবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকদের অন্তঃকোন্দলে ব্যহত ক্লাস
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমজান পুলিশকে জানান, পার্শ্ববর্তী প্রতিপক্ষকে ফাঁসাতে ৪-৫ জন মিলে নিজের ভাইকে খুন করে। পরে আসামিদের মামলা থেকে বাঁচাতে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
সাঁথিয়া থানার সেকেন্ড অফিসার আবুল কালাম আজাদ জানান, আটককৃত দুই আসামিকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জবানবন্দির জন্য পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএএম
