ক্যারিয়ার গড়তে যা জানা প্রয়োজন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৪

অধিকাংশ মানুষের ক্যারিয়ার গড়ার কারিগর সে নিজেই। সবারই স্বপ্ন থাকে ভালো কর্মক্ষেত্র সৃষ্টি করার। স্বপ্নের চাকরি পেতে সবাই সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনাও করে। তবে স্বপ্নকে ধরতে পারে না তাদের কিছু ব্যক্তিগত ও ভাবনাগত অভাবের ফলে। ক্যারিয়ার গড়ার ৫টি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করা হলো এ লেখায়—
যে কোনো পরিস্থিতিতে শেখা চাই           পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সবাই ব্যবসায়ের নতুন নতুন পদ্ধতি বের করছে। যদি আপনি মনে করেন আপনার দক্ষতা অনেক বেশি এবং আপনার বর্তমান চাকরি অনেক ভালো তারপরও আপনাকে বর্তমান অবস্থানে থেকে সবকিছু ভালোভাবে শিখে নিতে হবে। কারণ আপনি যদি ভবিষ্যতে এর চেয়েও ভালো কিছু করতে চান সেক্ষেত্রে আপনার পূর্ব-দক্ষতা এবং জ্ঞান কাজে লাগবে।
জিজ্ঞাসা করুন এবং শিখুন
কথায় আছে একজন ভালো শ্রোতা অনেক কিছু শিখতে পারে। তাই আপনার সহকর্মী, বস এবং গুরুজন যা বলে তা শুনুন। তাদের অভিজ্ঞতা এবং উপদেশ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার কাজ সম্পর্কিত যে যে বিষয়ে সমস্যা অনুধাবন করবেন, সে সম্পর্কে তাদের জিজ্ঞেস করে সমাধান জেনে নিন।
বর্তমান কাজকে মূল্যায়ন করুন
আপনার বর্তমান কাজই হতে পারে, আপনার ক্যারিয়ার শুরুর সবচেয়ে ভালো মাধ্যম। এটা সত্য যে, খুব কম মানুষই এটা মেনে নেয়। কোনো কিছুই বিনাশ্রমে আসে না, যারা এটা মানে তারাই সফলকামী হয়। আপনি যদি আপনার বর্তমান কাজের সব দায়-দায়িত্ব আস্থার সঙ্গে পালন করেন, তাহলে এটাই হতে পারে আপনার নতুন ক্যারিয়ার বা ভবিষ্যত্ ক্যারিয়ার গড়ার সিঁড়ি।
সম্পর্ক গড়ে তুলুন
আপনি কি জানেন শতকরা ৫০ ভাগেরও বেশি চাকরি হয় জানাশোনা ও সম্পর্কের মাধ্যমে। আপনার সম্পর্কের জাল যদি বিস্তৃত হয়, তবে সেখান থেকে আপনি নতুন নতুন ব্যবসায়িক ধারণা ও বিভিন্ন সুযোগ-সুবিধাসংবলিত ধারণা পাবেন যা আপনার ক্যারিয়ারের নতুন দ্বার উন্মোচন করতে পারে।
কাজকে গ্রহণ করুন
আগে নিশ্চিত হোন যে, আপনি আপনার কাজকে গ্রহণ করেছেন নাকি বাধ্য হয়ে মেনে নিয়েছেন। যদি শেষেরটি হয় তবে আপনার সময় এবং মেধা দুটোরই অপচয় হবে।
যখন আপনি একটি নতুন চাকরি শুরু করবেন, তখন আপনার কাজের মূল্যায়ন ও কাজের ভবিষ্যত্ সম্ভাবনা নিয়ে আপনার সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করে নিতে পারেন।