আড়াইহাজারে ৩ গ্রামের অধিবাসীদের মধ্যে কয়েকদফা সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৩টি গ্রাম রণক্ষেত্র পরিণত হয়। ভাঙচুর ও লুটপাট হয়েছে শতাধিক বাড়িতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২ দিন আগে স্থানীয় স্কুলের ৯ম শ্রেণির ছাত্র সিয়ামকে কাকাইল মোড়ার লোকজন মারধর করে। এই নিয়ে শুক্রবার সকাল ৯টায় চম্পকনগরের মঞ্জুরের বাড়িতে সালিশ বসে। বিচারে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দা, টেটা, ছুরি, বল্লম নিয়ে একে-অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সকাল ৯টায় শুরু হয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে সকাল ১১টা পর্যন্ত। সংঘর্ষে কাকাইল মোড়া ও বাহেরচর পক্ষে নেতৃত্বে দেন লোকমান মেম্বার এবং চম্পকনগরের পক্ষে নেতৃত্বে দেন মোসলেম মেম্বার। সংঘর্ষে আহতদের মধ্যে আড়াইহাজারসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
মোসলেম মেম্বার জানান, সংঘর্ষ চালাকালে কাকাইল মোড়া ও বাহেরচর গ্রামের ৫/৬ শতাধিক লোক লোকমান মেম্বারের নেতৃত্বে চম্পকনগর গ্রামে এসে তাণ্ডব চালায়। শতাধিক ঘরবাড়ি ভাংচুর করা হয়। চম্পকনগরের বাজারে দোকান লুট করা হয়। মোসলেম মেম্বার আরো জানান, চম্পকনগর গ্রামবাসীর অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুলহোতা লোকমান মেম্বারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
