শিশুদের জন্য বর্ণমালা শেখার মোবাইলভিত্তিক অ্যাপ তৈরি করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বাংলা ও ইংরেজি বর্ণমালার পাশাপাশি অ্যাপটিতে রয়েছে বিভিন্ন পশু-পাখির পরিচিতি; যা অত্যন্ত শিশুবান্ধব এনিমেশন, ছবি ও ছড়ার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। উল্লেখ্য, এটিই বাংলাদেশি প্রথম অ্যাপ যাতে ব্যবহার করা হয়েছে অগমেন্টেড রিয়েলিটি ফিচার। যা মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে বিভিন্ন প্রাণি ও মডেল বাস্তবে ফুটিয়ে তুলবে।
প্রায় দুই বছর ধরে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির প্রয়োগের উপযোগিতা ও ফলপ্রসূতা নিয়ে কাজ করছেন চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের গবেষকরা। চুয়েট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তাদের পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, প্রচলিত শিক্ষা পদ্ধতি থেকে এই শিক্ষা পদ্ধতি শিশুদের কাছে বেশি আকর্ষণীয় এবং এই পদ্ধতিতে পাঠদানে শিক্ষার্থীদের মধ্যে শিখনফল অর্জনে ৩০ শতাংশ অগ্রগতি লক্ষ্য করা গেছে। এই গবেষণায় ২৫ জন শিক্ষার্থী, ১৩ জন অভিভাবক এবং তিন জন শিক্ষক স্বেচ্ছায় অংশ নেন। গবেষণাটিতে যুক্ত ছিলেন চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ছাবির হোসাইন, সাবেক ছাত্র ড. আসাদ কবির, মাইনুল ইসলাম, মো. ফাহিম আবরার ও মো. রাকিবুল ইসলাম। তাদের গবেষণাটি প্রবন্ধ আকারে প্রকাশিত হয় বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ষ্প্রিঞ্জার পাবলিকেশন্সে। তাদের গবেষণা ফলাফলের ওপর ভিত্তি করে ‘Learn Bangla Alphabets for Kids’ নামে এই অ্যাপটি সম্প্রতি রিলিজ হয়েছে গুগল প্লে-স্টোর ও অ্যাপল স্টোরে। প্রথম দুই সপ্তাহেই অ্যাপটি এডুকেশন রেঙ্কিংয়ে টপ ১০-এর মধ্যে চলে এসেছে। অ্যাপটি যে কোনো এন্ড্রয়েড ও আইফোনে সম্পূর্ণ ফ্রি’তে ডাউনলোড করে অফলাইনে চালানো যাবে। এ বিষয়ে ছাবির হোসাইন বলেন, আজকাল শিশুরা নানা কাজে মোবাইল ফোন ব্যবহার করে যা বেশিরভাগ ক্ষেত্রেই সময় অপচয়কারী। প্রাক-প্রাথমিক শিক্ষায় অগমেন্টেড রিয়েলিটি ও মেশিন লার্নিং ভিত্তিক এই অ্যাপটির ব্যবহার বাচ্চাদের সহজে শিখাতে ও মনে রাখতে সহায়তা করবে। গবেষণা দলটির তত্ত্বাবধায়ক মাইনুল ইসলাম বলেন, শিশুদের শেখার ব্যাপারটি খুবই সংবেদনশীল। তাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে যেন তারা খেলতে খেলতে শিখে। আমরা বাংলাদেশি শিশুদের সাইকোলজি বিশ্লেষণ করে প্রযুক্তিনির্ভর এই ব্যতিক্রমধর্মী অ্যাপটি বানিয়েছি। অ্যাপটি ডিজাইন করতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি অগমেন্টেড রিয়েলিটি ও মেশিন লার্নিং। সব মিলিয়ে শিশুরা খেলার ছলে তাদের প্রথম বর্ণমালা শেখা ও লেখার পাঠ পেয়ে যাবে এই অ্যাপটি থেকে। অ্যাপটিতে আমরা ফোনের পর্দায় দেখানো রেখার উপর হাত ঘুরিয়ে লেখা অনুশীলন করার পদ্ধতি যুক্ত করেছি। লেখা সঠিক হয়েছে কি না তা মেশিন লার্নিংয়ের মাধ্যমে যাচাই করে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দিবে।
চুয়েটের এই গবেষক দল জানায়, তাদের পরবর্তী লক্ষ্য শিক্ষাক্ষেত্রের প্রতিটি স্তরকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটালাইজেশন করে উল্লেখযোগ্য পরিবর্তন সাধন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই অ্যাপগুলো পৌঁছে দেওয়া।
