তিনি সাইক্লিং করেন। সাইক্লিং তার পছন্দ। সেই ২০১৪ সাল থেকে। সাইক্লিং করেও যে মানবসেবায় কাজ করা যায়— সেই দৃষ্টান্তও তার আছে। তার নাম মোহাম্মদ শরিফ। সম্প্রতি তিনি ‘গ্রেট সাইকেল চ্যালেঞ্জ’ নামক একটি ইভেন্টে যুক্ত হয়েছেন। প্রায় ৫০০ কিলোমিটার সাইকেল চালাবেন। পাশপাশি ক্যান্সার আক্রান্ত শিশুদের গবেষণার জন্য ফান্ড সংগ্রহ করবেন। এর আগে শরিফ ২০১৯ সালে অংশ নিয়েছেন ওয়ালটন আয়োজিত সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালিতে। সেই র্যালির মাধ্যমে শরিফ সাইক্লিং করে ঘুরে এসেছেন পার্শ্ববর্তী দেশ ভারত। সাইক্লিং করে সামাজিক কল্যাণকর কাজ করেন শরিফ। শুধু ঘুরে বেড়ানো তার উদ্দেশ্যে নয়। ‘গ্রেট সাইকেল চ্যালেঞ্জ’ ইভেন্ট সম্পর্কে মোহাম্মদ শরিফ বলেন, বর্তমান সময়ে আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছি না। অথচ আমাদের উচিত মানুষের বিপদে মানুষকে সহযোগিতা করা। তাই আমি ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সাইকেল সঙ্গে নিয়ে যুক্ত হয়েছি এই ইভেন্টে। আমি আশাবাদী, এই ইভেন্টে সবার অংশগ্রহণে অনেক দূরারোগ্য ক্যান্সার আক্রান্ত মানুষ একদিন সুস্থ হয়ে ওঠবে।
শুধু বড়রা নয়, ক্যান্সার আক্রান্ত হয়ে অসংখ্য শিশু মারা যাচ্ছে প্রতি বছর। পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে ক্যান্সার আক্রান্ত হয়ে সপ্তাহে ৩৮ শিশুর মৃত্যু ঘটে। বাংলাদেশেও ক্যান্সারে শিশু মৃত্যুর হার কম নয়। শিশু মৃত্যুর এই বিষয়টা শরিফকে ভাবিয়ে তোলে। তিনি ভাবতে শুরু করেন—কীভাবে শিশুদের পাশে দাঁড়ানো যায়। এই ইভেন্টের গ্রেট চ্যালেঞ্জে মোহাম্মদ শরিফের উদ্দেশ্য হচ্ছে ৫০০ মাইল সাইক্লিং করা। ইতিমধ্যে উক্ত ইভেন্টে যুক্ত হয়েছে প্রায় এক লাখ ৩৪ হাজার ৫০০ জনেরও অধিক সাইক্লিস্ট। এখন পর্যন্ত ১৩,০০৯,৭১৯ ডলার সংগ্রহ হয়েছে। শরিফ চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, শ্রীমঙ্গল ও সিলেট সাইক্লিং করে সুনামগঞ্জ পর্যন্ত গমন করে সর্বশেষ চট্টগ্রাম এসে সেই চ্যালেঞ্জের সমাপ্তি টানবেন।
