মাঠের খেলায় চোখ বিসিবির

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

গত দুই মাস ধরে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের একাকী ও দলগত অনুশীলনের করোনাকালে ক্রিকেট শুরু করার প্রাথমিক সংকোচটা কেটে গেছে বিসিবির। শ্রীলঙ্কা সফর আবারও স্থগিত হওয়ায় দেশের অভ্যন্তরে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরানো নিয়ে বিসিবির তোড়জোড় শুরু হয়ে গেছে। আজই মিটিংয়ে বসবেন বিসিবির কর্তারা। সেখানেই ঠিক হবে পরবর্তী করণীয় ও পরিকল্পনা।

ক্রিকেটারদের কয়েকটি দলে ভাগ করে টুর্নামেন্ট, করপোরেট লিগসহ কয়েকটি বিকল্প রয়েছে বিসিবির সামনে। আজকের মিটিংয়ে ঠিক হবে সবকিছু। বিসিবির পরিচালক, কোচ, নির্বাচকরাসহ সংশ্লিষ্ট সবাই থাকবেন এ মিটিংয়ে।

গত সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশনার পর এখন ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট শুরুর চিন্তা গতি পেয়েছে। জানতে চাইলে গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘কাল (আজ) একটা মিটিং হতে পারে। সেখানে ঠিক হবে কী টুর্নামেন্ট হবে। চার দল বানানো হবে নাকি করপোরেট লিগ হবে। আমরা মেডিক্যাল বিভাগকে নিয়েও বসব। করোনার কারণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে, অনেক ক্রিকেটারকে একসঙ্গে ব্যবস্থাপনার বিষয় রয়েছে। তাদের মতামত জানতে হবে।’ জানা গেছে, করপোরেট লিগ আয়োজনে খুব সমস্যা নেই। পাঁচ দলের জন্য পাঁচটি স্পন্সরও নাকি রয়েছে বিসিবির হাতে।

এদিকে ঘরোয়া ক্রিকেট চালুর চিন্তাও সচল হয়েছে। ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) মিটিংয়ে বসবে আগামী সপ্তাহে। যেখানে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগসহ বাকি লিগ শুরুর পরিকল্পনা ঠিক হবে। তবে প্রিমিয়ার লিগ দিয়েই ক্রিকেটে ফেরার ইচ্ছা সিসিডিএমের।

বিসিবির আয়োজনগুলোর পরই শুরু হবে ক্লাব ক্রিকেট। তাই সিসিডিএম বিসিবির টুর্নামেন্টের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে। সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন গতকাল বলেছেন, ‘আমরা আগামী সপ্তাহে মিটিংয়ে বসব। আগে নিজেরা মিটিং করব। তারপর ঠিক কবে ক্লাবগুলোর সঙ্গে বসব বা কীভাবে সবকিছু হবে। এখানে আগে বিসিবির টুর্নামেন্টগুলো হবে। তারপর ঢাকা প্রিমিয়ার লিগ। আমরা প্রিমিয়ার লিগ দিয়েই শুরু করতে চাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের কীভাবে হবে সেটাও ঐ মিটিংয়ে ঠিক হবে।’