ভালুকায় গতকাল শুক্রবার ৬ ঘণ্টার ব্যবধানে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার দুটি ঘটনা ঘটেছে। সকালে মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। অন্যদিকে বিকালে ভালুকা ইউনিয়নে ছোট ভাইয়ের লাঠির আঘাতে খুন হয়েছেন বড় ভাই।
জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে ঘরের সামনে প্রস্রাব করাকে কেন্দ্র করে বড় ভাই ধনুর লাঠির আঘাতে ছোট ভাই আ. রব মিয়া (১৮) নিহত হয়েছে। তাদের বাবার নাম তমিজ উদ্দিন।
বিকাল ৪টার দিকে ভালুকা ইউনিয়নের নিশাইগঞ্জ গ্রামে রাস্তার পাশে নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে ছোট ভাই আজিম উদ্দিন এর সাথে বড় ভাই আব্দুল মালেকের (৬০) কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক মারা যায়। তাদের বাবার নাম হেকমত আলী। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার ঘটনাটি নিশ্চিত করেছেন।
