হুমকির মুখে গোমতী বাঁধ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২৯

কুমিল্লার প্রধান নদী গোমতীর বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় প্রতিরক্ষা বাঁধের দক্ষিণ অংশে ভাঙন দেখা দিয়েছে। নদীতীর ভাঙনের পাশাপাশি নিকট দূরত্বে থাকা কংশনগর সেতুও শঙ্কার বাইরে নয়। এদিকে জিও ব্যাগভর্তি বালু দিয়ে বাঁধ মেরামতে তোড়জোড় শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর হয়ে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার সঙ্গে যোগাযোগের মাধ্যম কংশনগর গোমতী সেতু। এর পূর্বপাশের প্রতিরক্ষা বাঁধের দক্ষিণ অংশে নদীতীর রক্ষায় বিগত সময়ে সিমেন্টের তৈরি হাজার হাজার ব্লক বসানো হয়েছিল। সাম্প্রতিক সময়ে নদীর এই অংশে ভাঙন শুরু হলে অনেক ব্লক নদীতে তলিয়ে যায়। এতে কংশনগর গোমতী সেতুও হুমকির মুখে পড়ে। গত তিন-চার দিনের অতিবৃষ্টিতে ভাঙন ব্যাপক আকারে হয়েছে।

২০১৮ সালে সেতুর পূর্বপাশে একটি প্রভাবশালী চক্র নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। এতে বাঁধের তলদেশের মাটি সরে গিয়ে ব্লকগুলো নদীতে তলিয়ে যায়। চলতি মাসের মাঝামাঝি নদীতীরে ব্যাপক ভাঙন দেখা দেয়। মনোহরপুর গ্রামের বৃদ্ধ সামসুল হক বলেন, ড্রেজার দিয়ে সেসময় বালু তোলা বন্ধ করা গেলে এই ভাঙন দেখা দিত না, পানিতে তলিয়ে যেত না সিমেন্টের তৈরি ব্লকগুলো। পরিশেষে, ভাঙন রোধের পাশাপাশি কংশনগর সেতু শঙ্কামুক্ত করতে আশু ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা