বেওয়ারিশ কুকুর অপসারণে পরামর্শ চাইলেন মেয়র তাপস

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

বেওয়ারিশ কুকুর স্থানান্তর নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো, ঢাকাকে একটি উন্নত নগরী হিসেবে গড়ে তোলা। পৃথিবীর উন্নত কোনো দেশের উন্মুক্ত সড়কে, পার্কে, খেলার মাঠে বেওয়ারিশ কুকুর দেখা যায় না। আমরা ঢাকাকেও সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। আসুন, আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি।’ গতকাল  নগর ভবনের ‘বুড়িগঙ্গা’ হলে বেওয়ারিশ কুকুর অপসারণ নিয়ে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ সব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ, দেশি-বিদেশি গবেষণা ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।  মেয়র বলেন, একটি আলোচনা বা বৈঠকের মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান হবে না। প্রয়োজনে আরো বসা হবে। প্রয়োজনে বেওয়ারিশ কুকুরের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য লিখিত আকারে পরামর্শ বা প্রস্তাব দেওয়ারও আহ্বান জানান তিনি। তা থেকে কর্মপরিকল্পনা তৈরির আশ্বাস দেন মেয়র।