আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের উন্নয়নের চাকা কাদায় আটকে পড়েছিল। সেই আটকে থাকা চাকাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জনতার প্রত্যাশা আয়োজিত ‘দেশ ও জাতির উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অগ্রগতিতে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, ক্ষমতার জন্য বিএনপি-জামায়াত জোট জাতীয় চক্রান্তে ব্যর্থ হয়ে তারা এখন আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের এই চক্রান্ত বিফলে যাবে। আয়োজক সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, মিনহাজ উদ্দিন মিন্টু, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, লায়ন মশিউর রহমান প্রমুখ।
