পদ্মায় নাব্যতা সংকট, ফেরি স্বল্পতা, ঘনকুয়াশাসহ নানা কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতি, শুক্র ও শনিবার বিভিন্ন প্রকার গাড়ির সংখ্যা বা চাপ বৃদ্ধি পাওয়ায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ফলে, যাত্রীসাধারণ ও যানবাহন মালিক চালকসহ সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহায়।
ফেরি সংস্থা বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর এজিএম জিল্লুর রহমান জানান, এ রুটে বহরের ১৮টির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। রাতে সৃষ্ট অব্যাহত ঘনকুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সপ্তাহের তিন দিন যানবাহন বেশি হওয়ায় গাড়ি পারাপারের সংখ্যা বাড়ে। রো-রো ফেরিসহ অন্যান্য নৌ-যান চলাচলে অন্তত ৯ ফুট গভীরতা দরকার। কিন্তু উভয় ঘাটের নিকট এ নাব্যতা না থাকায় ফেরি ও লঞ্চ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে, বিআইডব্লিউটিএ এ রুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে প্রায় চার মাস আগে ড্রেজিং কাজ শুরু করে। দ্রুত পানি কমায় ও পলি জমায় এ রুট ক্রমেই সরু হয়ে আসায় ঘাটের নিকট বেসিন পয়েন্টে ‘ওয়ান-ওয়ে’ পদ্ধতিতে ফেরি-লঞ্চ চলাচল করছে। ভুক্তভোগীরা জানান, ঘাটে আটকে পড়া গাড়ির যাত্রী, মালিক- চালকরা তীব্র শীতে ও কুয়াশায় দারুণ কষ্ট পোহায়।
