একটি ছেলে বেড়ালছানা পুকুর ঘাটে নিয়ে
ভালো করে দিচ্ছে গোসল গন্ধসাবান দিয়ে।
যেতে যেতে এক মুরুব্বি এটা দেখে থেমে
সিঁড়ি দিয়ে পুকুরঘাটে এলেন খানিক নেমে—
বললেন—খোকা, বেড়ালছানা ডললে এমন করে
দেখবে খানিক পরেই ওটা গেছে ঠিকই মরে।
ছেলেটি সেই লোকের দিকে চেয়ে কিছুক্ষণ
নিজের কাজে আবার দিলো পুরোপুরি মন।
খানিক বাদে ফেরার পথে দেখেন তিনি চেয়ে
কাঁদছে ছেলে, অশ্রু ঝরে তার দু’টি গাল বেয়ে।
একপাশে সেই বেড়ালছানা আছে নিথর পড়ে
যাচ্ছে বোঝা খানিক আগেই গেছে ওটা মরে।
বললেন তিনি—মরবে ওটা আগেই ছিল জানা
এই ঠান্ডাতে গোসল দিলে শুনলে না তো মানা!
বললো ছেলে—আপনারে তো জ্ঞানী মানুষ লাগে
কথা কইবেন বুইঝা শুইনা ভাইবা চিন্তা আগে!
না শুইনাই ফালতু বকেন কেন যে মিছামিছি
মরছে বিড়াল শুকাইতে যেই চিপরানিডা দিছি।
