দুপুর কখনো শূন্য নয়
চোখের লীলায় ধোয়ামোছা নয় চঞ্চু
মাছরাঙা আর ওই রোদ নয় বোধ
জল আর ওই কেউ নয় ঢেউ
যেন আমার সবুজ এক অতিভুজ
তৈরি দিনসহ পাশে থাকে
বেঁধে দেয় সামাজিক সম্পর্কের পাড়
একটি পুকুর
উত্তর-দক্ষিণ যার ভালোবাসার সাঁতার
দুপুর কখনো শূন্য নয়
লবঙ্গের মধ্যে অদ্ভুত আয়েসে গ’লে গেলে
ধোঁয়ার অভিবাসনে যুক্ত হয়
পরোক্ষ উত্তাপ
বর্ণে কিংবা ভিন্ন-ভিন্ন আয়তনে
ঘ্রাণ এবং শোক এবং দাবি
উত্পাদনের সঙ্গে মিলন ঘটালে
মাছরাঙা আর ভালোবাসা
সম্মুখের চা-বাগান নিয়ে
তৈরি করে অপূর্ব আকাশ
দুপুর কখনো শূন্য নয়
দুপুর তো খাটো নয়
আপনার ছায়া মায়াকণ্ঠে
ডাক দিয়ে যায় মিছিলের রং
আলো আছে তাই
ভেদ কী প্রভেদ সময়ে গড়ায়
পাতা খুলে লেখে শাদা পরিচয়
পৃথিবীর সীমা খুব ছোট ব’লে
প্রাণের হিশেব নয় খুব পর
নয় তা কখনো অন্যস্বর
দুপুর কখনো শূন্য নয়
