নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী এফবিসিসিআই

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:৩৮

নাইজেরিয়ান অ্যাসোসিয়েশন অব চেম্বারস অব কমার্স, ইন্ডাস্ট্রি, মাইনস অ্যান্ড অ্যাগ্রিকালচারের (এনএসিসিআইএমএ) সঙ্গে সম্প্রতি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এফবিসিসিআইয়ের উদ্যোগে আয়োজিত ক্লাউড সম্মেলনে বেসরকারি খাতের সংস্থা দুটি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধাও তুলে ধরেছে। বেসরকারি খাতের সংস্থাটির উদ্যোগে আয়োজিত ‘বাইল্যাটারাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন দ্য অনগোয়িং গ্লোবাল প্যানডেমিক অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সম্মেলনটিতে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, এনএসিসিআইএমএ-এর সভাপতি হাজিয়া সারাতু আইয়া-আলিয়ু, নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া/প্যাসিফিক বিভাগের পরিচালক আয়েশা দেওয়া অংশগ্রহণ করেন। এফবিসিসিআই সভাপতি বলেন, ২০১৯-২০ অর্থবছরে ১৪ কোটি ৪৮ লাখ ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। বাণিজ্য বাড়াতে তেল ও পেট্রোলিয়াম পণ্য, কোকো উত্পাদন ও প্রক্রিয়াজাতকরণ, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি খাতে দ্বিপাক্ষিক ভ্যালু চেইন উদ্যোগ নেওয়া যেতে পারে।