সমাজে বাড়ছে প্রতারণা

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:০২

দেশে প্রতারণা বৃদ্ধি পেয়েছে। প্রতারণার ধরনেও এসেছে নতুন নতুন পন্থা। এর কারণ কী? এ ব্যাপারে টেলিফোন ও ই-মেইলে প্রাপ্ত পাঠকের অভিমত আজ প্রকাশিত হলো

মানুষের সরলতা ও অসাধুদের সংঘবদ্ধ অবস্থান সমাজে আশঙ্কাজনক হারে নানা মাত্রার প্রতারণা বাড়ার অন্যতম কারণ। সত্য-মিথ্যা চিনতে না পারার অদক্ষতা ও অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার তাড়না অধিকাংশ প্রতারণার মূল প্রভাবক। প্রচলিত আইনের ফাঁকফোকর দিয়ে চিহ্নিত প্রতারকদের মুক্তি বা নামমাত্র সাজা প্রতারণা বাড়িয়ে তুলছে।

মোহাম্মদ ফয়সাল

১৪৬ ডি.টি. রোড পূর্ব মাদারবাড়ি, চট্টগ্রাম।

বর্তমানে বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে এবং প্রচারণার সংখ্যাও বেড়ে গেছে। ডিজিটাল প্রতারণা বর্তমানে ব্যাপক এবং ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু আমাদের দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রতারণার কথা শোনা যাচ্ছে। তা-ই সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন ডিজিটাল দরজাল কঠোরভাবে দমন করা হোক।

মাখরাজ খাঁন

সাটুরিয়া, মানিকগঞ্জ

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা। কখনো ফেসবুক, কখনো অনলাইন ব্যাংকিং, কখনো মাল্টিপারপাস সোসাইটি কিংবা ভিন্ন মাধ্যমে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে প্রতিদিনই জমা হয় এমন অসংখ্য অভিযোগ। প্রতি বছর গড়ে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার প্রতারণার অভিযোগ নিষ্পত্তি করতে হয় সিআইডিকে। বিচারাধীন আছে আরো কয়েক হাজার মামলা। এর বাইরে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বিভাগও নিষ্পত্তি করছে বছরে আরো কয়েক হাজার মামলা। ব্যাংক, ইনসিওরেন্স, জমিজমা, চাকরি দেওয়াসহ নানা খাতে প্রতি বছর অসংখ্য অভিযোগ আসে প্রতারণার। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, প্রতারণা কমাতে আইনি পদক্ষেপের পাশাপাশি, বাড়াতে হবে সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের। প্রতারকদের কঠোরভাবে বিচারের আওতায় আনলে কমে আসবে প্রতারণা।

মো. জিল্লুর রহমান

সতিশ সরকার রোড, গ্লোরিয়া, ঢাকা

আমাদের সমাজে ধোঁকাবাজ ও প্রতারক চক্র জাল বিস্তার করছে সর্বত্র। কে, কখন, কাকে, কীভাবে ঠকানো যায় সে চিন্তায় অস্থির প্রায়। মোবাইল ফোনে, বিকাশের লেনদেনে, অনলাইন ব্যবসা ও কেনাকাটায়, চাকরি দেওয়ার নামে, লোভনীয় অফার, গিফট পাওয়া, লটারি জেতানো, ওজনে কম দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম বা বিয়ের প্রলোভন, রাজনৈতিক নেতাদের নাম পরিচয়ে, ভুয়া ডাক্তার বেশে ও বিদেশ পাঠানোর নামে বিভিন্নভাবে প্রতারণা করা হচ্ছে। তাই প্রতিটি কাজের সত্যতা যেমন জানতে হবে, তেমনি অতি লোভে পা না দিয়ে, সর্বত্র সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। এবং প্রতারণা ও প্রতারক চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতা আরো বাড়াতে হবে।

মো.সাইমুন

শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম

প্রতারণা এখন নতুন কৌশল। পুলিশের পোশাক পরে চুরি, ডাকাতি, জাল-জালিয়াতি করে থাকে অনেকে। বিভিন্ন ব্যাংকের জাল চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে। আবার কোথাও কোথাও জাল দলিল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। প্রশাসন জেনেও জানে না। এদের প্রতি নজরদারি বাড়াতে হবে।

মনিরুজ্জামান, উত্তরা, ঢাকা

আমাদের দেশে প্রতারণা করে খুন, ধর্ষণ, অর্থ লোপাট করা হয়। এমনকি প্রেমের ক্ষেত্রেও চলে প্রতারণা। প্রেমিকাকে ডেকে এনে ধর্ষণ এমনকি খুনও করা হয়।  তাদের ব্যাপারে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।

ফারুক আহমেদ, বাগমারা, রাজশাহী

সমাজের প্রতারণা বাড়ছে বলেই ধর্ষণ, খুন, ছিনতাই বাড়ছে। মানুষ প্রতারণা করে, কারণ তাদের অনেকেই টাকাওয়ালা হতে চায়। আসুন, আমরা প্রতারকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

আবুল হাসনাত মিঠু

কাজলার পাড়, ভাঙ্গাপ্রেস, বড় মাঝিলা

সমাজে প্রতারণা বাড়ছে। প্রতারণা বৃদ্ধির ধরনও পালটে গেছে। সঙ্গে দেখা দিয়েছে শঙ্কা। সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রতারকদের শাস্তি নিশ্চিত করতে হবে—এটাই সবার কাম্য।

সুগন্ধী আক্তার, মতিঝিল, ঢাকা

এখন চলছে কোভিড-১৯-এর চরম সংকটপূর্ণ সময়। মহামারি সংক্রমণে সারা দেশ এমনিতেই দিশেহারা। তার ওপর শুরু হয়েছে প্রতারণা। সমাজে অস্থিরতার আতঙ্কে দেশব্যাপী বিভিন্ন স্থানে প্রতারণার ঘটনা বাড়ছে। এই প্রেক্ষিতে মানবিক মূল্যবোধ আর মনুষ্যত্বের যথার্থ চর্চা এখন খুবই জরুরি।

আইরিন সুলতানা সন্জু, মাইজপাড়া, চট্টগ্রাম

বর্তমান সময়ে ডিজিটাল পদ্ধতিতে হ্যাকিংসহ এনআইডি কার্ড, পাসপোর্ট, ব্যাংকের চেক, পরীক্ষার প্রশ্নপত্র, উচ্চ আদালতের রায় বা আদেশ জালিয়াতির ঘটনা ঘটছে। নারী ও শিশু পাচারেও ভয়াবহ প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে।

মোহাম্মদ আবুল কালাম আযাদ

সরদারপাড়া, মুন্সীগঞ্জ

বিশ্বে প্রযুক্তির যেমন উন্নয়ন ঘটেছে, তেমনি এর অপব্যবহারের সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র নিত্যনতুন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এটা প্রতিরোধ করা যেমন দরকার, তেমনি আমাদের শিক্ষাব্যবস্থায় কর্মমুখী শিক্ষার মাধ্যমে সমাজ গঠনে গুরুত্বারোপ করা প্রয়োজন।

মোহাম্মদ ইসলাম

পায়েরখোলা, চৌদ্দগ্রাম, কুমিল্লা

দেশের শিক্ষার হার বাড়ছে। কিন্তু প্রকৃত সুশিক্ষার মান কমছে। এ কারণে মানুষের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক সমৃদ্ধি ও সাফল্যের মোহ বাড়ছে। এ কারণে সর্বস্তরেই প্রতারণার হার বাড়ছে। আইন প্রয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা, আন্তরিকতার অভাব এবং ধীরগতিও এর বড় কারণ।

মোহাম্মদ আবদুর রাজ্জাক নাছিম

চাক্তাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রতিদিন পত্রিকা খুললেই অসংখ্য প্রতারণার ঘটনা চোখে পড়ে। প্রতারক চক্র যেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে জালের মতো বিস্তার করেছে তাদের আধিপত্য। ‘আমি বিকাশ থেকে নাহিদ বলছি’—এসব বলে একজনের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাওয়া, সঠিক তথ্য গোপন রেখে ব্যাংক থেকে লোন নেওয়া, সেবার নামে জনগণকে ধোঁকা দেওয়া ইত্যাদি কত ঘটনাই ঘটে।

ডা. মর্জিনা আক্তার

বারিধারা পাইল্স কিউর সেন্টার, গুলশান, ঢাকা।

এক জন মানুষ সেনাবাহিনীর মেজর, কর্নেল, পুলিশ অফিসার ইত্যাদি হলে কি তার পক্ষে যে কোনো কিছু করে ফেলা সম্ভব? যারা মেজর, কর্নেল, ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ অফিসার নয় কিন্তু মিথ্যা পরিচয়ে এসব কাজ করে, আমরা তাকে প্রতারক বলি! কিন্তু যারা সত্যি সত্যি কর্নেল, মেজর, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট; তাহলে তারা কি তাদের নিজ পরিচয়ে এসব প্রতারণা করে বেড়াচ্ছে? রিজেন্টের সাহেদ তার প্রতীকী চিত্র মাত্র! যারা এসব পরিচয় দিয়ে এতসব অনিয়ম করে বেড়াতে পারে—এর মানে তো পরিষ্কার; এসব পরিচয় দিলে সাতখুন মাফ! কিন্তু এর মাধ্যমে যে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে—সমাজে এসব পরিচয়ধারী মানুষের জন্য যে কোনো অনিয়মও আসলে নিয়ম! এ নিয়ে না বলা যাবে কোনো কথা, না করা যাবে কোনো প্রতিবাদ।

মেনহাজুল ইসলাম তারেক

পার্বতীপুর, দিনাজপুর।

এই যে বুয়েট, মেডিক্যাল থেকে পাশ করা ডাক্তার-ইঞ্জিনিয়ারগুলো বিসিএস পরীক্ষা দিয়ে ফরেন ক্যাডারে যাচ্ছে, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট হচ্ছে; কেন হচ্ছে তারা? তাদের শৈশব, কৈশোর কিংবা বিশ্ববিদ্যালয় জীবন তো কেটেছে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবার স্বপ্নে। তাহলে হঠাত্ করে তারা বিসিএস ক্যাডার হবার পেছনে ছুটছে কেন? কারণ কি জানেন? বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে তারা যখন আবিষ্কার করেছে, এক জন পুলিশ অফিসারের সাতখুন মাফ! এক জন ম্যাজিস্ট্রেট চাইলেই সব রকম ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এক জন বিসিএস ক্যাডারের বৌউয়ের ব্যাংক একাউন্টে কোটি কোটি টাকা থাকে; তখন তারা তাদের স্বপ্নটাও পরিবর্তন করেছে! এই হচ্ছে আমাদের অবস্থা।

বিলকিছ আক্তার, কাউনিয়া, রংপুর।

প্রকৃত নৈতিক শিক্ষা ও বিস্তৃত পরিসরে তার চর্চা নিশ্চিত না হওয়ায় প্রতারণা বাড়ছে। সামাজিক বিশৃঙ্খলা ও আইনের সময়োপযোগী প্রয়োগের অভাব প্রতারণা বাড়িয়ে দিচ্ছে। এছাড়া, আমাদের সচেতনতার অভাব এবং সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচার-প্রচারণার সীমাবদ্ধতা প্রতারকচক্রের পক্ষে কাজ করছে।

এ এফ এম সালাহউদ্দীন

বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।

করোনা মহামারিতে দেশে কর্মক্ষম প্রায় ৫০ শতাংশ নারী-পুরুষ শিক্ষিত অশিক্ষিত বেকার। হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত বেকার যুবক-যুবতি গ্রামের সমাজে বাস করে বেশি। এদের কাছে উচ্চ বেতনে কাজের প্রলোভন দেওয়া হচ্ছে। এখন এই ধরনের প্রতারণা হচ্ছে বেশি।

জিয়াউল হক সরকার, পুবাইল, গাজীপুর

প্রতারণা বৃদ্ধির পেছনে অনেকগুলো নিয়ামক কাজ করে। সবচেয়ে বড় নিয়ামক হলো সামাজিক অস্থিরতা ও মানসিক অশান্তি। সারা পৃথিবীই এখন একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতি এটাকে আরো ঘনীভূত করেছে। অন্যান্য নিয়ামকগুলোর মধ্যে প্রতারণার যথোপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া, অল্প সময়ে অনেক সম্পত্তি উপার্জনের লোভ অন্যতম। পারিবারিক শিক্ষার অভাব, অতিরিক্ত ভোগবাদী চিন্তা, স্বার্থপরতা মানুষকে প্রতারণায় উদ্বুদ্ধ করে। মানুষের সচেতনতা বৃদ্ধি এবং প্রতারণার উপযুক্ত শাস্তি নির্ধারণের মাধ্যমেই প্রতারণা রোধ করা সম্ভব।

মো. জুনাইদ-আর-রহমান , চতুর্থ বর্ষ, বুয়েট।

প্রতারণা আমাদের দেশের একটি সামাজিক ব্যাধি, বর্তমানে এই প্রতারণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতারণার মূল কারণ হিসেবে বলা যেতে পারে সামাজিক অবক্ষয়, নৈতিকতার অভাব, পারিবারিক অসচেতনতা। মানুষ প্রতারণার মাধ্যমে নিজেদের আখের গুছিয়ে নিতে চাই। পক্ষান্তরে সমাজের ক্ষতি কিংবা দেশের ক্ষতির প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, যার ফলে প্রতারণতার প্রবণতা বেড়েই চলেছে, পথও পরিবর্তিত হয়েছে।

ফারজানা বিনতে মুরাদ

মধুখালী, ঝিকরগাছা, যশোর

সমাজে বৈষম্যের কারণে প্রতারণা আজ চরমে। একজনের দেখে মনে করে আমার হলো না। তাই ঠকবাজি আর প্রতারণার মাধ্যমে চায় টাকাপয়সা কামিয়ে নিতে।

সালেহা আফরিন বেবী, শিবগঞ্জ, সিলেট।

সমাজে দিন দিন প্রতারণা বেড়েই চলছে এর অন্যতম কারণ হচ্ছে— ১. প্রযুক্তির অপব্যবহার। ২. ধর্মীয় মূল্যবোধের অভাব। ৩. রাজনৈতিক প্রভাব বিস্তার।

মনিরুজ্জামান মামুন

আলিপুরা,গজারিয়া, মুন্সিগঞ্জ।

প্রতারণার মূল কারণ হিসেবে তিনটি বিষয় বিবেচিত তা হলো—১. অর্থনৈতিক, ২. নেশাগ্রস্ততা, ৩. বিবেকহীনতা। এমতাবস্থায় বলতে চাই, নিজেই নিজেকে বদলাই ও অন্যকে বদলাতে সহযোগিতা করি।

মনোজ বিশ্বাস

বিশ্বাস ফার্মেসি, রাজাবাসর, ল্যাম্ব হাসপাতাল পার্বতীপুর, দিনাজপুর।

সুবিধা অর্জনের উদ্দেশ্যে আইন লঙ্ঘন করে যে কেউ আজকাল প্রতারণা করছে। সময় আর প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বদলাছে প্রতারণার কৌশল। আর লোভের বশবর্তী হয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশির ভাগ মানুষ। প্রতারকরা মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ থেকে কোটি টাকা। ফেসবুক, অনলাইন ব্যাংকিং, কিংবা ভিন্ন মাধ্যমে দেশজুড়ে সক্রিয় এখন প্রতারক চক্র। যদি মানুষ লোভের বশবতী না হয়ে সচেতন হয়ে সব কাজ করে, তবে কেউ আর প্রতারণার শিকার হবে না। আর প্রতারকদের কঠোরভাবে বিচারের আওতায় আনলে কমে আসবে প্রতারণা। এ থেকে বলা যায়, প্রতারণা কমিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সাদিয়া সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল

অ্যান্ড কলেজ সাভার, ঢাকা

আমাদের বাংলাদেশের সমাজে প্রতারণা একটি সমাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতারণার মাত্রা ইদানীং বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে করোনার এই সময়ে মানুষের চাকরি-বাকরি হারানো, ব্যবসা-বাণিজ্যে মন্দার কারণে এবং অনেকের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় অর্থাভাবের কারণে প্রতারণার মতো জঘন্য কাজে লিপ্ত হচ্ছে। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে মানুষকে প্রতারণা করছে অনেক টাকার মালিক হওয়ার আশায়। বাংলাদেশের সংবাদপত্রগুলো পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের প্রতারণার প্রাতিষ্ঠানিক রূপও রয়েছে। অনেক আর্থিক প্রতিষ্ঠানের খবর দেখা যায়, যারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের টাকা নিয়ে উধাও হয়ে যেতে। অনেক মানুষের অতি লোভ অনেক মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এই সমস্যার সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতা জোরদার জরুরি।

এস এম হূদয়

ফ্রিল্যান্স সংবাদকর্মী, ঢাকা।