হাজারীবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজারীবাগ থানার পাশে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী কফিল উদ্দিন জানান, হাজারীবাগ থানার পাশে তৈরি হচ্ছিল নির্মাণাধীন ভবনটি। গতকাল দুপুরে নির্মাণাধীন চারতলা ভবনের নিচতলায় কাজ করছিলেন শফিকুল। এ সময় অসাবধানতাবশত ইলেকট্রিক মোটরের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
