সংসদ নিয়ে টিআইবির বক্তব্য সঠিক তথ্যভিত্তিক নয় :কাদের

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২৩:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি জাতীয় সংসদ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, তারা সব কার্যক্রমে অংশ নিচ্ছেন। জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে’ টিআইবির দেওয়া এমন প্রতিবেদনের জবাবে আওয়ামী লীগের সাধারণ       সম্পাদক বলেন, টিআইবির দেওয়া প্রতিবেদনে বক্তব্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক নয়। তিনি বলেন, প্রতিবেদনে সংসদ সদস্যদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি বলা হয়েছে। রাজনীতিবিদরা নির্বাচন করবেন, সংসদ সদস্য হবেন। কাজেই তারা ব্যবসাসহ কিছু না কিছু করবেন। কারণ তাকে পরিবার চালাতে হবে। কেউ সরকারি চাকরি করে তো রাজনীতি করতে পারবেন না। তাহলে কি তারা চাঁদাবাজি করে রাজনীতি করবেন?

ওবায়দুল কাদের বলেন, এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিত্সক আবার কেউ ব্যবসার সঙ্গে জড়িত। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়। উপনির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি নেতাদের এ ধরনের অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা বিএনপি নেতাদের চিরাচরিত অভিযোগ। উপনির্বাচনে বিএনপির শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কি না তা জনগণ বিশ্বাস করতে পারছে না। তবে তাদের এ ঘোষণাকে স্বাগত জানাই। বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই। জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব বলে বিএনপিকে আশ্বস্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।