ধর্ষকের শাস্তির দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২৩:০৩

তানোর উপজেলার মুণ্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে আদিবাসী ছাত্র পরিষদ।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুণ্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো ও দিলিপ পাহান। সংহতি প্রকাশ করেন রাজশাহীর সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাবির ফোকলোর ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, ’৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহাজাহান আলি বরজাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রিদম শাহরিয়ার, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো ও আদিবাসী যুব পরিষদ            রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ অক্টোবর থেকে ২৮ তারিখ পর্যন্ত ৩ দিন আটকে রেখে মুণ্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একইসঙ্গে মুণ্ডুমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডিকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান। বক্তারা ভুক্তভোগী আদিবাসী কিশোরীর এবং তার পরিবারের নিরাপত্তার দাবি জানান।

অন্যদিকে একই সময়ে হসভহেববাজার জিরোপয়েন্টে নারী ও শিশু অধিকার ফোরাম রাজশাহী মহানগর শাখার উদ্যোগে সিলেটে ছাত্রলীগ কর্তৃক গৃহবধূ গণধর্ষণ ও খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।